রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শহীদ ওসমান হাদির বিচার দাবিতে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারী সংগঠন ইনকিলাব মঞ্চের নেতারা জানান, জুমার নামাজের পর শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে তারা সেখানে জড়ো হলে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ ও গুলি করে বলে তাদের অভিযোগ।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়।
জানা গেছে, জাতিসংঘের তত্ত্বাবধানে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রার উদ্দেশ্যে নেতাকর্মীরা বের হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
আব্দুল্লাহ আল জাবেরের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শতাধিক আহত হওয়ার দাবি করা হয়। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আপাতত সব ধরনের জমায়েত থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, চিকিৎসা শেষে তারা পুনরায় কর্মসূচিতে ফিরবে।