Skip to main content

Ridge Bangla

রমজান ঘিরে ছোলা-চিনির দাম বাড়তি, পেঁয়াজ ও ডিমে স্বস্তি

রমজান শুরু হতে আর এক মাসও বাকি নেই। এর আগেই রাজধানীর বাজারে রমজানকেন্দ্রিক নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে ছোলা ও চিনির মতো উচ্চচাহিদাসম্পন্ন পণ্যের দাম গত কয়েক দিনে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে ভরা মৌসুমের প্রভাবে পেঁয়াজের দাম কমেছে এবং ডিমের বাজারে তুলনামূলক স্বস্তি বজায় রয়েছে।

রাজধানীর রামপুরা, মালিবাগ, সেগুনবাগিচাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি ছোলা ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এই পণ্য ৯০ থেকে ১০০ টাকার মধ্যে পাওয়া গেলেও পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে। বিক্রেতাদের দাবি, সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও বাড়তি চাহিদাকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে।

একই চিত্র দেখা যাচ্ছে চিনির বাজারেও। এক মাস আগেও যেখানে প্যাকেটজাত চিনি ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হতো, এখন তা নির্ধারণ করা হয়েছে ১০৫ টাকায়। খোলা চিনির দাম বেড়ে দাঁড়িয়েছে কেজিতে প্রায় ১১০ টাকায়। আন্তর্জাতিক বাজারে চিনির দামে স্থিতিশীলতা থাকলেও ভোক্তারা এর সুফল পাচ্ছেন না।

অন্যদিকে পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। নতুন দেশি পেঁয়াজ এখন কেজিতে ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে আমদানিকৃত পেঁয়াজের দাম এখনো তুলনামূলক বেশি। ডিমের বাজারও স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি ডজন বাদামি ডিম ১১০ থেকে ১১৫ টাকা এবং সাদা ডিম ১০০ থেকে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে।

This post was viewed: 44

আরো পড়ুন