Ridge Bangla

রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ১০ জন

ঢাকা–রংপুর মহাসড়কে রংপুরের পীরগঞ্জ এলাকায় ট্রাক ও যাত্রীবাহী বাসের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে রংপুরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক মহাসড়কে সামনে চলমান আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়।

এ ঘটনায় বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি (৩৩) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদার (৪১) নামের আরেক যাত্রীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

This post was viewed: 24

আরো পড়ুন