যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক নীতির প্রতিবাদে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়ে ৬০ জনেরও বেশি সাবেক সেনাসদস্য ও তাঁদের স্বজন পুলিশের হাতে আটক হয়েছেন। ক্যাপিটল হিলের ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে তাঁদের আটক করা হয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেটেরান সংগঠনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভের অংশ হিসেবে বেশ কয়েকজন প্রতিবাদকারী ভবনটির রোটান্ডা এলাকায় ঢুকে পড়েন। তাঁরা সেখানে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন ব্যানার প্রদর্শন করেন। একই সঙ্গে সম্প্রতি ইরানে চালানো মার্কিন হামলায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে হাতে লাল টিউলিপ ফুল নিয়ে শ্রদ্ধা জানান আন্দোলনকারীরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা ভাঁজ করার আনুষ্ঠানিকতা পালন করছেন। যুদ্ধবিরোধী নানা স্লোগান প্রদানের মাধ্যমে তাঁরা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আগ্রাসনের বিরোধিতা করেন।