Skip to main content

Ridge Bangla

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান

টানা কয়েকদিনের হামলা-পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়েছে। তবে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে কখনো আপস করেনি।”

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক ভারতের একই বিভাগের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। তাদের আলোচনার পর উভয় পক্ষ স্থল, আকাশ ও সমুদ্রপথে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়। এই সিদ্ধান্ত ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর হবে। উভয় দেশের সামরিক বাহিনীকে চুক্তি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১২ মে আবারও দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় বসবেন বলে জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ এক পোস্টে প্রথম যুদ্ধবিরতির ঘোষণা দেন। তিনি লেখেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে লেখেন, “ভারত ও পাকিস্তান শান্তির পথ বেছে নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দূরদর্শিতা ও নেতৃত্ব প্রশংসার যোগ্য।”

This post was viewed: 66

আরো পড়ুন