Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে। রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

তিনি বলেন, “আমরা বোয়িং কোম্পানিকে ২৫টি উড়োজাহাজের জন্য অর্ডার দিয়েছি। এটি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে কোনো সরকারি চুক্তি নয়, বরং সরাসরি বোয়িং কোম্পানির সঙ্গে বাণিজ্যিক লেনদেন।”

বাণিজ্য সচিব আরও জানান, বোয়িং বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে বিপুল পরিমাণ অর্ডার পেয়েছে। “ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া প্রত্যেকেই ১০০টি করে উড়োজাহাজের অর্ডার দিয়েছে। আমরা ২৫টি চেয়েছি। তবে বোয়িং তাদের উৎপাদন ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে সরবরাহ করবে, তাই এতে কিছুটা সময় লাগবে,” বলেন মাহবুবুর রহমান।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৬২ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ আসনের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার।

নতুন এই উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমানের বহর আরও আধুনিক ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রীসেবার মান বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চূড়ান্ত চুক্তি ও সরবরাহের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা চলমান রয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

This post was viewed: 64

আরো পড়ুন