Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ২৯ বাংলাদেশি

অবৈধ অভিবাসনবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে আরও ২৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর সহায়তায় তাদের গ্রহণ করা হয়। ফেরত আসা এসব কর্মীর জন্য জরুরি সহায়তা ও নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পরিবহন সুবিধা নিশ্চিত করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ৩২২ জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি ৩৬ জনকে ফেরত পাঠানো হয়েছিল।

আজ দেশে ফেরা ২৯ জনের মধ্যে নোয়াখালীর ১৪ জন, ঢাকার ৭ জন, কুমিল্লার ২ জন এবং মুন্সীগঞ্জের ৩ জন রয়েছেন। এছাড়া ফেনী, মৌলভীবাজার, সিলেট ও মাদারীপুর জেলার একজন করে আছেন।

জানা যায়, ফেরত আসা ব্যক্তিদের বেশিরভাগই প্রথমে বৈধ উপায়ে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। এ প্রক্রিয়ায় জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়েছে। যুক্তরাষ্ট্রে পৌঁছে তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আবেদন নাকচ হওয়ায় মার্কিন প্রশাসন তাদের প্রত্যাবাসনের সিদ্ধান্ত নেয়।

This post was viewed: 42

আরো পড়ুন