Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শুল্ক কমায় প্রথম দিনেই ভারতের পোশাক খাত ধসের মুখে

বাংলাদেশসহ ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্কহার ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর-কষাকষির পর বাংলাদেশের পোশাক রপ্তানির শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ২০ শতাংশে। ঘোষণার পরই বৃহস্পতিবার (১ আগস্ট) ভারতীয় টেক্সটাইল কোম্পানিগুলোর শেয়ারমূল্য বড় ধরনের পতনের মুখে পড়ে।

গার্মেন্টস খাতে বাংলাদেশের অন্যতম বড় প্রতিযোগী ভারত নতুন এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা খেয়েছে। বিশ্লেষকরা বলছেন, এতে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে। আপস্টকসের প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক কমানোর ঘোষণার পর ভারতের কেপিআর মিলসের শেয়ারমূল্য কমেছে ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের ০.৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের ৩.৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের ২.৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের ৩.২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২.৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের শুল্কহার নির্ধারণ হয়েছে ১৯ শতাংশ, ভিয়েতনামের জন্য ২০ শতাংশ এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো আসিয়ান দেশগুলোর জন্যও প্রায় একই হারে শুল্ক কমানো হয়েছে। তবে ভারতের জন্য শুল্কহার রাখা হয়েছে তুলনামূলক বেশি, ২৫ শতাংশ।

শ্রমনির্ভর খাত হিসেবে টেক্সটাইল শিল্পে এই নতুন নীতি ভারতীয় রপ্তানিকারকদের জন্য বড় চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ, যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। নতুন শুল্কহার প্রতিযোগিতায় ভারতকে পিছিয়ে দেবে। ভারতীয় রপ্তানিকারকরা মনে করছেন, দ্রুত নতুন বাণিজ্য চুক্তি না করলে মার্কেটে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। অন্যদিকে বাংলাদেশের জন্য এই শুল্ক হ্রাস রপ্তানিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 63

আরো পড়ুন