যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) ট্যাম্পা বে’র হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। একই অভিযানে অন্য নিখোঁজ শিক্ষার্থী নাহিদা বৃষ্টির (২৭) খোঁজে ব্রিজের তলদেশে তল্লাশি চালাচ্ছে ডুবুরি দল। পুলিশের তদন্ত অনুযায়ী, হিশামের সঙ্গে লিমনের শেয়ার করা ওই অ্যাপার্টমেন্টে প্রচুর পরিমাণে রক্তের দাগ পাওয়া গেছে, যা থেকে তারা আশঙ্কা করছেন নাহিদাও বেঁচে নেই। নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত ফেসবুক পোস্টে তাঁর বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে পুলিশ এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
ঘটনার পর এক পুলিশি অভিযানে হিশাম আবুঘারবিয়েহকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে গ্রেপ্তার করতে গিয়ে সেখানে এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। গ্রেপ্তারের সময় হিশাম বাড়িতে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোয়াট টিমকে ডাকা হয়। সোয়াটের উপস্থিতি দেখে আত্মসমর্পণ করেন হিশাম। জানা গেছে, তার বিরুদ্ধে অতীতে পারিবারিক সহিংসতাসহ একাধিক মামলার রেকর্ড রয়েছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, নিহত লিমন ও নাহিদা দুজনই যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। লিমন ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা ছিলেন রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী। তাদের দুজনেরই বয়স ২৭। গত ১৬ এপ্রিল তাদের সর্বশেষ দেখা যায় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানায়, লিমনের মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।