Ridge Bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে উভয় পক্ষই বাজার সম্প্রসারণ, বিনিয়োগ সুযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা উন্নয়নের ওপর জোর দেন। আলোচনার শুরুতে এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্কের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। তিনি মনে করেন, সাপ্লাই চেইনের সুবিধা কাজে লাগিয়ে এখনই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উত্তম সময়। পাশাপাশি, বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল জি. ফ্রস্ট বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে বাণিজ্যের সম্ভাবনা আরও প্রসারিত হবে। তিনি আসন্ন যুক্তরাষ্ট্রে আয়োজিত ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান জানান।

দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের পাশাপাশি প্রযুক্তি, বিনিয়োগ, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়েও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রধান ব্রি. জে. (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া।

This post was viewed: 53

আরো পড়ুন