Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ঐতিহাসিক বাণিজ্য চুক্তিকে বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় হিসেবে আখ্যায়িত করেছেন। শুক্রবার (১ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার এই প্রতিক্রিয়া প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “শুল্কহার ২০ শতাংশে নামিয়ে আনা, যা প্রত্যাশিত হারের চেয়ে ১৫ পয়েন্ট কম, আমাদের আলোচক দলের অসাধারণ কৌশলগত দক্ষতা এবং দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তাদের অটুট প্রতিশ্রুতির উজ্জ্বল প্রমাণ।”

তিনি আরও বলেন, গত ফেব্রুয়ারি থেকে আমাদের দল নিরলসভাবে কাজ করেছে। শুল্ক, অ-শুল্ক এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জটিল আলোচনার মধ্য দিয়েই এই সাফল্য এসেছে। এর ফলে বাংলাদেশের তুলনামূলক সুবিধা বজায় থাকবে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বাড়বে এবং জাতীয় স্বার্থ সুদৃঢ় হবে।

ড. ইউনূস জানান, এই অর্জন শুধু বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতিই নয়; এটি দ্রুত উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির নতুন দ্বারও উন্মোচন করেছে। তিনি বলেন, “আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা ও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।”

এর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করে। নতুন হার যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন