Ridge Bangla

যাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ ও ধর্মমন্ত্রীর বৈঠক

দেশে যাকাত ব্যবস্থাপনা কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ধর্মমন্ত্রী ও যাকাত বোর্ডের চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ উপস্থিত ছিলেন।

বৈঠকে যাকাত বোর্ড পুনর্গঠনসহ সার্বিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। কমিটিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, শায়খ আহমাদুল্লাহ, ইসলামি অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেমরা অন্তর্ভুক্ত থাকবেন।

ধর্ম মন্ত্রণালয় আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম প্রস্তাব করবে। পরবর্তীতে কমিটি যাকাত ব্যবস্থাপনা আধুনিকায়ন ও যাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে সুপারিশ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে। বৈঠকে কার্যকর ও স্বচ্ছ যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার কৌশল নিয়েও আলোচনা হয়।

This post was viewed: 15

আরো পড়ুন