রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা জোরদারে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘিরে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বার্তায় বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, যমুনার আশপাশের নিরাপত্তা নিশ্চিত করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গেও সমন্বয় করে কাজ করছে বিজিবি।
এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও তা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা যমুনার প্রবেশমুখে অবস্থান নেন।
এ সময় সরকারি চাকরিজীবীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দ্রুত গেজেট প্রকাশের দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।