Ridge Bangla

মৌকে দেখে কেন পালিয়ে গেলেন পরীমণি?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি তার কাজের চেয়ে ব্যক্তিজীবনকে ঘিরেই বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ভক্ত-অনুরাগীদের কৌতূহলও তাই অন্য মাত্রার। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে প্রথমবারের মতো তিনি শেয়ার করলেন জীবনের কিছু অজানা ঘটনা।

পরীমণি জানালেন, ছোটবেলায় নাচ শেখার জন্য তিনি একটি স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে সামনে থেকে দেখে তিনি এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে, ভয়ে বা লজ্জায় পালিয়ে গিয়েছিলেন এবং আর কখনও ওই স্কুলে ফিরে যাননি।

এই বিশেষ আড্ডা রুম্মান রশীদ খানের সঞ্চালনায় প্রচার হবে শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমণি তার ব্যক্তিগত জীবনের নানা না-বলা কথা শেয়ার করেছেন।

পডকাস্টে নায়িকা বলেন, “এখন আমি অনেক ভেবে-চিন্তে কাজ করি, যেটা আগে করতাম না।” সন্তানদের জন্য এই পরিবর্তন এসেছে। পূর্বে কোনো সঞ্চয়ের অভ্যাস না থাকলেও এখন নিয়মিত সঞ্চয় করছেন দুই সন্তান পুন্য ও প্রিয়মের ভবিষ্যতের জন্য।

মজার ছলে পরী আরও বলেন, “আমি এখন পুন্য ও প্রিয়মের মা। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই।”

ব্যক্তিগত জীবনের অন্য গল্প শেয়ার করতে গিয়ে তিনি জানান, প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে বরিশালে প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংসসহ বিভিন্ন খাবারের আয়োজন করেছিলেন এবং প্রতিটি আয়োজন নিজ হাতে তদারকি করেছিলেন।

জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত এই পডকাস্টে পরীমণির জীবনের অজানা গল্পগুলো ভিন্ন আবহে দর্শক-শ্রোতাদের সামনে ধরা পড়বে, যা তার ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

This post was viewed: 60

আরো পড়ুন