Skip to main content

Ridge Bangla

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ‘পাটালি গ্রুপের’ দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ১৬

রাজধানীর মোহাম্মদপুরে একটি বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর দুই শীর্ষ সদস্য ইয়াসিন ও শরীফসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৫ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ইয়াসিন (২০), শরীফ (২৪), সাবিত ইবনে (৩৩), রফিকুল ইসলাম (১৮), ফারুক (২৭), আরিফ (২৬), সাজ্জাদ (২২), আলামিন (২৮), রাকিব মিয়া (৩০), মেহেদি হাসান বাপ্পি (২৪), সলেমান (২০), আখতারুজ্জামান টিটপ (৫৭), বায়োজিদ ওরফে রানা (২৫), রায়হান (২৭), রাজু (৩০) এবং সুজন (২৫)। এদের মধ্যে ইয়াসিন ও শরীফ জাফরাবাদে সংঘটিত একটি নৃশংস হামলার মূল অভিযুক্ত।

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, গত ১৪ মে রাত দেড়টার দিকে জাফরাবাদ এলাকায় তুচ্ছ বাকবিতণ্ডার জেরে ‘পাটালি গ্রুপ’-এর ১০–১২ জনের একটি দল চাপাতি নিয়ে একই পরিবারের ছয় সদস্যের ওপর বর্বর হামলা চালায়। এতে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে এবং পর্যায়ক্রমে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালায়।

২৩ মে রাতে রায়েরবাজার বোটঘাট এলাকা থেকে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয় ইয়াসিনকে। তার স্বীকারোক্তির ভিত্তিতে সেদিন রাতেই কাদিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শরীফকে। শরীফের দেওয়া তথ্য অনুযায়ী পরদিন বোটঘাট খালপাড় থেকে উদ্ধার করা হয় হামলায় ব্যবহৃত আরেকটি চাপাতি।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করা হয়েছে বলে জানায় পুলিশ। মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ‘পাটালি গ্রুপ’-এর বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

This post was viewed: 68

আরো পড়ুন