Skip to main content

Ridge Bangla

মোহাম্মদপুরে ঢাবি-জবির ৪ শিক্ষার্থীকে মারধর ও ছুরিকাঘাত, মামলা দায়ের

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চার শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পাঁচ দিন পর রোববার (৩ আগস্ট) আহতদের একজন ঢাবির চারুকলা বিভাগের শিক্ষার্থী সাজিদ-উল-ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে লালমাটিয়া ডি-ব্লকের মাঠে চারুকলার শিক্ষার্থী রাফিদুল হক রাহিম, আইন বিভাগের তাসমিয়া তাবাসসুম নেবুলা এবং জবির গণিত বিভাগের অনুরাভ আশরাফ রাজ্যের সঙ্গে বসে ছিলেন সাজিদ। এসময় ১০–১২ জন কিশোর এসে একজনের ব্যাগ ছুড়ে মেরে স্থান ত্যাগ করতে বলে। প্রতিবাদ করায় তারা হুমকি দিয়ে অতর্কিত হামলা চালায়।

সাজিদ বলেন, “প্রথমে কিল-ঘুষি মারে, পরে অনুরাভকে ছুরিকাঘাত করে।” মামলা সূত্রে জানা যায়, সাজিদ ১২ জনকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩ জনকে আসামি করেন। আসামিদের মধ্যে রয়েছেন: এস কে আবির, মিমোন খান, সিয়াম, মিনহাজ, শুকুর, সাজ্জাদ, একরামুল, সুজন, বায়েজিদ, সুমন, হৃদয় ও ইয়াছিন। অভিযোগে বলা হয়, আবিরের নির্দেশে হামলা হয় এবং সে-ই ছুরিকাঘাত করে।

মোহাম্মদপুর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, “মামলা হয়েছে, তদন্ত চলছে।” তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত হচ্ছে, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

আহত শিক্ষার্থীরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, লালমাটিয়া ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 40

আরো পড়ুন