Skip to main content

Ridge Bangla

মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ দেশে মুক্তি পেল

অবশেষে বাংলাদেশে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। বিদেশের একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর আজ থেকে দেশের দর্শকরাও বড়পর্দায় দেখতে পারবেন সিনেমাটি। ছবির গল্পে দেখা যাবে, নিখোঁজ বাবা, হুইলচেয়ারে বন্দী মা এবং সীমাবদ্ধতায় ঘেরা তরুণী সাবা যার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। পরিচালকের আসনে রয়েছেন মাকসুদ হোসাইন, যার এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, এছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপ ও বগুরার মম ইন মুভি থিয়েটার-এ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকের সাড়া ভালো থাকলে হলের সংখ্যা আরও বাড়ানো হবে।

মেহজাবীন বলেন, “ছোটবেলা ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা মা-মেয়ের জীবনকে পাল্টে দেয়। মা সীমাবদ্ধতায় বন্দী, আর সাবা বড় হতে থাকে দ্বিধাগ্রস্ত চরিত্রে যেখানে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ এবং হারানোর ভয় একসঙ্গে লড়াই করে। দর্শকের হৃদয়ে এটি বিশেষ অনুভূতি সৃষ্টি করবে।”

ছবির গল্প এসেছে পরিচালক মাকসুদ হোসাইনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, তার স্ত্রী ত্রিলোরা খানের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে। পরিচালক জানান, “এক সড়ক দুর্ঘটনায় শাশুড়ি গুরুতর আহত হন। শ্বশুরের মৃত্যুর পর একা মা’কে নিয়ে ত্রিলোরার সংগ্রামই পর্দায় জীবন্ত করেছি।” এছাড়া সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, যিনি সাবার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করেন। গত বছর সেপ্টেম্বরেই ‘সাবা’র বিশ্ব প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, এরপর এটি ঘুরেছে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ একাধিক মর্যাদাপূর্ণ উৎসবে।

This post was viewed: 63

আরো পড়ুন