Skip to main content

Ridge Bangla

মেক্সিকোয় ট্রেন দুর্ঘটনা: নিহত ১৩, আহত শতাধিক

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় যাত্রীবাহী একটি ট্রেন রেললাইন থেকে বিচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৩ জন নিহত এবং আরও ৯৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৬ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (স্থানীয় সময়) রাজ্যের নিজান্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। রেললাইনচ্যুত ট্রেনটি ছিল ‘আন্তঃমহাসাগরীয় রেল’ প্রকল্পের আওতাধীন একটি যাত্রীবাহী ট্রেন। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন বলে মেক্সিকোর নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়। নৌবাহিনী ও রেলওয়ে কর্তৃপক্ষের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেয়। বার্তায় জানানো হয়, হাসপাতালে ভর্তি ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। এদিকে অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

This post was viewed: 48

আরো পড়ুন