মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে এক সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন প্রদেশের গভর্নর আলফনসো দুরাজো।
গভর্নর দুরাজো এক বিবৃতিতে জানান, আহতদের হেরমোসিলোর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বিস্ফোরণের কারণ উদঘাটনে জরুরি তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি কোনো সন্ত্রাসী হামলা বা নাশকতার ঘটনা নয়। ধারণা করা হচ্ছে, সুপারমার্কেটের ভেতরে গ্যাস সিলিন্ডার বা বৈদ্যুতিক ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর ঐতিহ্যবাহী ডে অব দ্য ডেড উদযাপনের সময়, যেদিন স্থানীয়রা তাদের প্রয়াত প্রিয়জনদের স্মরণ করেন।
বিস্ফোরণের পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, সুপারমার্কেটটির সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, জানালাগুলো ভেঙে পড়েছে এবং আগুনে ভবনের ছাদ ধসে পড়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ইন্টেরিয়র সেক্রেটারি রোসা ইসেলা রোদ্রিগেজের নেতৃত্বে একটি বিশেষ সহায়তা দল হেরমোসিলোতে পাঠানো হয়েছে।