Ridge Bangla

মুসলিম বিশ্বের স্মরণকালের সর্ববৃহৎ জানাজায় বিদায় বেগম খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বাংলাদেশসহ মুসলিম বিশ্বের ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ জনসমাবেশে পরিণত হয়েছে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টা ৩ মিনিটে জানাজা সম্পন্ন হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, দেশি-বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক মর্যাদায় আয়োজিত এই জানাজা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ দলে দলে ঢাকায় এসে জড়ো হন। কোথাও তিল ধারণের জায়গা ছিল না।

অংশগ্রহণকারীদের অনেকেই জানান, জীবনে এমন বিশাল জানাজা তারা আগে কখনো প্রত্যক্ষ করেননি। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। শোকাবহ পরিবেশে লাখো মানুষ একসঙ্গে প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন।

This post was viewed: 27

আরো পড়ুন