সিরাজগঞ্জের একটি আদালতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এই আদেশ দেন।
অভিযোগ রয়েছে, গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার খুতবায় জেলা প্রশাসকের (ডিসি) বদলি-সংক্রান্ত বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা।
তিনি দাবি করেছিলেন, বর্তমান ডিসি ২০ থেকে ৩০ কোটি টাকা খরচ করে এই জেলায় বদলি হয়ে এসেছেন। এই বক্তব্য পরবর্তীতে সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
এই মন্তব্যের প্রেক্ষিতে গত ১৩ এপ্রিল তার কাছে একটি আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে ৭ দিনের মধ্যে ডিসির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের প্রমাণ জনসমক্ষে প্রকাশ করতে বলা হয়।
সরকার ও প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে আনা এ নোটিশের প্রেক্ষিতেই পরবর্তীতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।