Ridge Bangla

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু মারা গেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের দরজারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)। তারা তিনজনই বন্ধু এবং একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মো. সানিয়াত ও হোসাইন মোহাম্মদ সাকিব গুরুতর আহত হয়ে প্রাণ হারান।

অপর বন্ধু তুর্জয় মাঝিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক ও কান্নার পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি থাকে।

টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন