কলকাতার বিশিষ্ট অভিনেত্রী মুনমুন সেন সম্প্রতি তাঁর দীর্ঘকালীন বন্ধু ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দি অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একসময় ইমরান খান ও মুনমুন সেনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও, মুনমুন সেন বারবার এটিকে ‘বন্ধুত্ব’ হিসেবেই উল্লেখ করে এসেছেন।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুনমুন সেন বলেন, “আমি ইমরানের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে নয়, আমার কাছে ইমরান সর্বপ্রথম একজন ক্রিকেট কিংবদন্তি, একজন ভাল মানুষ এবং আমার অত্যন্ত কাছের বন্ধু।”
সুচিত্রা সেনের কন্যা আরও যোগ করেন, “ইমরান আমার বন্ধু, যদিও বর্তমানে আমরা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগে নেই। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতির অঙ্গনে তিনি যে অভূতপূর্ত খ্যাতি অর্জন করেছেন, তা সত্যিই অভিনন্দনের যোগ্য। আমি তাকে যত দিন ধরেই চিনি, তিনি সব সময় তাঁর দেশের মঙ্গল কামনা করে এসেছেন। তাই এটা অত্যন্ত মর্মান্তিক যে আজ তাঁকে নিজ মাতৃভূমিতেই এমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বহু বছর তাঁকে দেখিনি, তবু তাঁর জন্য আমার চিন্তা হয়, খুবই খারাপ লাগে – শুধু তাঁর জন্য নয়, তাঁর পরিবারের জন্যও।”
প্রায় দুই বছর ধরে পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান। গত সপ্তাহে তাঁর মৃত্যুর গুজব ছড়ালেও পরে তা ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।