Skip to main content

Ridge Bangla

মিস ইউনিভার্স শেষে দেশে ফিরলেন তানজিয়া জামান মিথিলা

থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রতিনিধি, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় তাকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মিথিলা।

মিথিলা বলেন, মিস ইউনিভার্সে অংশ নিয়ে অনেক কিছু কাছ থেকে দেখেছি ও শিখেছি। কীভাবে প্রস্তুতি নিতে হয়, কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয় এসব অভিজ্ঞতা মূল্যবান। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ জয়ী না হয়েও এই প্রতিযোগিতায় জিতেছে। তার মতে, টপ–৩০-এ উঠে আসা প্রতিযোগীদের প্রত্যেকেরই ছিল ফিনালে যাওয়ার মতো সক্ষমতা। তিনি বলেন, “আমি এই যাত্রায় গর্বিত। আমার পর যে মিস ইউনিভার্সে যাবে, তাকে সর্বোচ্চ সহায়তা করব।”

গত ২১ নভেম্বর অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নিলেও শিরোপা জিততে পারেননি মিথিলা। তবে পিপলস চয়েস–এ ১২১ দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে নতুন রেকর্ড গড়েছেন। একই সঙ্গে প্রথমবারের মতো সেরা ৩০-এ জায়গা করে নিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন তিনি।

অভিনয়ে মিথিলার পরিচিতি আরও আগে থেকেই। বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় তিনি প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তার সহশিল্পী ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। হায়দার খানের পরিচালনায় নির্মিত এই সিনেমা রোহিঙ্গা ও হিন্দি দুই ভাষাতেই তৈরি।

This post was viewed: 77

আরো পড়ুন