Skip to main content

Ridge Bangla

‘মিস ইউনিভার্স’ মালিক অ্যান জাকাপংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিশ্বখ্যাত ‘মিস ইউনিভার্স’ অর্গানাইজেশনের মালিক ও থাইল্যান্ডের ধনকুবের অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। আর্থিক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গত মঙ্গলবার এ পরোয়ানা জারি করা হয়। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল গ্রুপ স্টক মার্কেট সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক লেনদেনে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগে আগ্রহী এক ব্যক্তি অভিযোগ করেন যে জেকেএন গ্লোবাল গ্রুপ বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে এবং অর্থ ফেরতের বিষয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। মামলায় বলা হয়, জাকাপং জানতেন যে নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীর টাকা ফেরত দেওয়া সম্ভব হবে না, তারপরও তিনি বিনিয়োগে উৎসাহিত করেছেন, যা সরাসরি প্রতারণার শামিল।

মঙ্গলবার মামলার রায় ঘোষণার কথা থাকলেও অ্যান জাকাপং আদালতে হাজির হননি। এ কারণে আদালত তাৎক্ষণিকভাবে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বৈধ সমন পাওয়ার পরও উপস্থিত না হওয়ায় এবং অভিযোগের বিষয়ে সহযোগিতা না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, অ্যান জাকাপং ২০২২ সালে ‘মিস ইউনিভার্স’ অর্গানাইজেশনের স্বত্ব কিনে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন। তবে তাঁর প্রতিষ্ঠান জেকেএন গ্লোবাল গ্রুপ গত বছর থেকেই আর্থিক সংকটে ভুগছে, যার পরিপ্রেক্ষিতে জালিয়াতির এই অভিযোগ ওঠে।

This post was viewed: 70

আরো পড়ুন