Skip to main content

Ridge Bangla

মিটফোর্ড হত্যাকাণ্ডে অভিনেত্রী বাঁধনের তীব্র ক্ষোভ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে চলছে ক্ষোভ ও শোকের স্রোত। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে বাঁধন লিখেছেন, “এটা এক মর্মান্তিক দৃশ্য। একজন মানুষকে হত্যা করা হচ্ছে, আর বাকি সবাই দাঁড়িয়ে দেখছে। কেউ কিছু করছে না। এটা কীভাবে সম্ভব? আমরা কী ধরনের দেশে বেঁচে আছি? সবাই দাঁড়িয়ে দেখে, কিন্তু এগিয়ে আসে না! কতটা ভয়াবহ!”

তিনি আরও লিখেছেন, “আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কি আর কেউ অনুভব করছেন না? মনে হচ্ছে আমরা যেন নরকে বাস করছি। আর সরকার? সবসময়কার মতোই নিশ্চুপ। তারা কোথায়? কথা বলে না কেন? কিছু করে না কেন?”

দেশে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাঁধন। লিখেছেন, “আমি কি এই দেশে নিরাপদ? আমি কি সত্যিই যা মনে করি তা বলতে পারি? নাকি সত্যি কথা বলার অপরাধেই আমি হব পরবর্তী টার্গেট?”

উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পাথর ছুড়ে হত্যা করা হয়। আশপাশে থাকা অসংখ্য মানুষ চেয়ে চেয়ে দেখলেও কেউ এগিয়ে আসেনি। সেই ভয়াবহ ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

This post was viewed: 38

আরো পড়ুন