Skip to main content

Ridge Bangla

মালয়েশিয়ায় প্রবাসীদের হাতে এনআইডি তুলে দিলো নির্বাচন কমিশন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভা এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দেশটির রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি প্রবাসীদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন এবং ভোটদান প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার তার বক্তৃতায় বলেন, এবারই প্রথমবারের মতো প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, প্রবাসী ভোটারদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় অনলাইনে আবেদন ও নিবন্ধনের সুবিধা থাকছে।

প্রবাসীরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলে ডাকযোগে তাদের ঠিকানায় ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। ভোটাররা সেই খামে ব্যালট পেপার পাঠিয়ে দিতে পারবেন, যা সরাসরি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। এছাড়া ভোটাররা অনলাইনে তাদের ব্যালটের অগ্রগতি ট্র্যাক করতে পারবেন। প্রবাসীদের ভোটদানে উৎসাহিত করতে হাইকমিশনের মাধ্যমে প্রচার-প্রচারণাও চালানো হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 60

আরো পড়ুন