Skip to main content

Ridge Bangla

‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা জুলাই ঐক্যের

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে আশ্রিত সব আসামিকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। একই সঙ্গে ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, তথাকথিত ‘মিডিয়া লীগ’ এবং কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) জুলাই ঐক্যের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গড়ে ওঠা ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য এই কর্মসূচির মাধ্যমে খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের প্রত্যর্পণের দাবি জানাবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ শুরু হবে। এতে দেশপ্রেমিক বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু ও জাকসুর একাধিক সাবেক নেতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। কর্মসূচির নেতৃত্ব দেবেন জুলাই ঐক্যের সংগঠকরা।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গণ-অভ্যুত্থানের পর ভারত আশ্রয় দিয়েছে জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িত ব্যক্তিদের। এমনকি জুলাইয়ের আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ভারতের কিছু মহলে উল্লাস প্রকাশ করা হয়েছে বলেও দাবি করা হয়।

জুলাই ঐক্য জানায়, এই কর্মসূচি থেকে ভারত সরকার ও অন্তর্বর্তী সরকারের প্রতি আল্টিমেটাম দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের ফিরিয়ে না দিলে পরবর্তী পরিস্থিতির দায় দিল্লি ও সংশ্লিষ্ট দপ্তরকে নিতে হবে।

This post was viewed: 59

আরো পড়ুন