Skip to main content

Ridge Bangla

মায়ের শিকড়ের সন্ধান, বাংলা শিখছেন সাইফ আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান বাংলা ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন। মা শর্মিলা ঠাকুরের সূত্রে বাংলার সঙ্গে গভীর সম্পর্ক থাকলেও এতদিন ভাষাটি নিয়মিতভাবে শেখা হয়নি তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী কয়েক মাস অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি পুরোপুরি মন দেবেন বাংলা শেখায়।

ভারতীয় গণমাধ্যমের তথ্যে জানা যায়, সাইফ আগামী তিন মাসের জন্য বাড়িতে একজন শিক্ষক রেখে নিয়মিত বাংলা ভাষা শিক্ষার ব্যবস্থা করেছেন। এই সময়টায় নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন না তিনি।

এই সিদ্ধান্তের পর থেকেই আলোচনায় উঠে এসেছে, তিনি কি বাংলা চলচ্চিত্রে কাজ করার কথা ভাবছেন। এ বিষয়ে সাইফ সরাসরি কিছু না বললেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একজন বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জীবনীভিত্তিক চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবেই তিনি ভাষাটিতে দক্ষতা অর্জন করতে চান। তবে সেই চরিত্র বা প্রকল্প সম্পর্কে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে ব্যক্তিগত জীবনেও একটি কঠিন সময় পার করছেন অভিনেতা। চলতি বছরের শুরুতে ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার ঘটনা এখনো তাকে মানসিকভাবে নাড়া দেয়। সম্প্রতি এক টকশোতে তিনি জানান, সেই অভিজ্ঞতার স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো ফিরে আসে। পরিবার নিয়ে উদ্বেগ তাকে তাড়িয়ে বেড়ায়।

বাংলা শেখার এই উদ্যোগে পাশে রয়েছেন তার মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ভাষা অনুশীলনে তিনি ছেলেকে নিয়মিত সহায়তা করছেন বলে জানা গেছে। সব মিলিয়ে, সাইফ আলি খানের এই সিদ্ধান্ত শুধু ভাষা শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে ভবিষ্যতের নতুন অভিনয় অধ্যায়।

This post was viewed: 69

আরো পড়ুন