মানিকগঞ্জের সদর উপজেলায় এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে জড়িত সন্দেহে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বনপারিল গ্রামের দুদুল মিয়ার কন্যা আতিকা বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েও তার কোনো হদিস না পেলে দীর্ঘ সময় পর রাত ১০টার দিকে বাড়ির নিকটবর্তী ভুট্টাখেত থেকে হাত-পা বাঁধা আতিকার নিথর দেহ উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, গায়ে থাকা গয়না ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
শিশুটির মরদেহ উদ্ধারের পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে স্থানীয় জনতা একই এলাকার তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালক পান্নু মিয়া ও তার ভাই ফজলু মিয়া নিহত হন। এছাড়া পান্নু মিয়ার ছেলে নাজমুল গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। তবে আইন হাতে তুলে নিয়ে গণপিটুনির ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।