Skip to main content

Ridge Bangla

মাদরাসাছাত্রীকে ফাঁদে ফেলে পাচার, যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলার এক কিশোরী মাদরাসাছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৬। বুধবার (২৫ জুন) নোয়াখালীতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম শুভজিৎ মণ্ডল (১৯)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগরের মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ছাত্রী নোয়াখালীর একটি মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। ফেসবুকে পরিচয়ের মাধ্যমে শুভজিতের সঙ্গে তার যোগাযোগ শুরু হয়। পরে নিজের পরিচয় গোপন রেখে টেলিগ্রামে যোগাযোগ চালিয়ে যান শুভজিৎ এবং কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে গত ৭ মে তাকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যান।

ঢাকায় যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থানের পর মেয়েটির সঙ্গে শুভজিতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কিশোরী সুযোগ পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এক সামাজিক সংগঠনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি র‌্যাবের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তদন্তে আরও একজন অভিযুক্তের নাম উঠে এসেছে, যার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কিশোরী বর্তমানে পরিবারের হেফাজতে রয়েছে এবং তার নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব। পুরো ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

This post was viewed: 74

আরো পড়ুন