মাঠ প্রশাসনের কার্যক্রমে গতি এবং সমন্বয় বাড়ানোর জন্য জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে বড় ধরনের রদবদলের উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।
সরকারের সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রশাসনিক কাজের স্বাভাবিকতা বজায় রাখা এবং জেলা পর্যায়ে সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন কর্মকর্তাদের তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং প্রাথমিক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণের পর ১ মার্চ গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়। তারা হলেন গাজীপুরের মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের মো. শাহাদাত হোসেন মাসুদ। প্রত্যাহার হওয়া এই কর্মকর্তাদের এখনও অন্য কোথাও পদায়ন না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) রাখা হয়েছে।
শুধুমাত্র এই পাঁচ জেলা নয়, আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলায় দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে সরকারের প্রধান প্রতিনিধি হিসেবে কাজ করেন। তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন, দুর্যোগ মোকাবিলা এবং উন্নয়ন কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।