Skip to main content

Ridge Bangla

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের তালিকা তৈরিতে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষের হতাহতের ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের সঠিক তালিকা প্রস্তুতের জন্য ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুলাই) গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (যার কন্যা যাইমা জাহান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী), এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দ্বাদশ শ্রেণির মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার আকস্মিকতায় এবং ব্যাপকতার কারণে প্রাথমিকভাবে সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তাই এই কমিটিকে সরেজমিন পরিদর্শন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।

অধ্যক্ষের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং কমিটি তাদের কাজ শুরু করেছে। সূত্র জানায়, কমিটির তৈরি প্রতিবেদন শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবস্থাপনার জন্য নয়—প্রয়োজনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ, উদ্ধারকারী সংস্থা ও মানবিক সহায়তাকারী সংস্থার কাছেও তা হস্তান্তর করা হবে।

এ ছাড়া দুর্ঘটনার সার্বিক প্রেক্ষাপট, উদ্ধার কার্যক্রম, অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তার ঘাটতির বিষয়গুলো খতিয়ে দেখতে একটি আলাদা প্রশাসনিক দলও কাজ করছে।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলের প্রাথমিক শাখায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সরকারিভাবে জাতীয় শোক পালন করা হয়।

This post was viewed: 57

আরো পড়ুন