Skip to main content

Ridge Bangla

মাইলস্টোন কলেজে ২৭ জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস চালু

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে। শুরুতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য শ্রেণির ক্লাস শুরু করা হবে।

বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি বলেন, “এই দুর্ঘটনায় আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফিরিয়ে আনতে ও একাডেমিক ক্ষতি কাটিয়ে উঠতে ধাপে ধাপে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুর ১টা ৬ মিনিটে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় এবং প্রাণহানিসহ বহু হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কলেজের সকল শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের সঠিক তথ্য নিশ্চিত করতে মাইলস্টোন কলেজ চত্বরে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজের দুই উপদেষ্টার নির্দেশে এই কন্ট্রোল রুম চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বুধবার (২৩ জুলাই) নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, “প্রতিদিন নিহত ও আহতের সঠিক সংখ্যা কন্ট্রোল রুম থেকে জানানো হবে এবং তা কলেজ রেজিস্টারে থাকা তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।” বিভ্রান্তি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

This post was viewed: 56

আরো পড়ুন