Skip to main content

Ridge Bangla

মব ভায়োলেন্সে জড়িতদের ধরতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত

রাজধানীর উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার ওপর মব ভায়োলেন্সের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলছে। বুধবার (২৪ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমন কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুন ২০২৫ সন্ধ্যা ৭টার দিকে উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড-১/এ এর বাসা-২৯ এর সামনে সাবেক সিইসিকে ঘিরে ধরে ৬-৭ জন ব্যক্তি। তারা প্রকাশ্যে তার গলায় জুতার মালা পরিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করে।

ঘটনার পরপরই সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিষয়টি উত্তরা পশ্চিম থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও তাদের সামনেই সাবেক সিইসিকে লাঞ্ছনার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে।

ঘটনাটি সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের নজরে এলে সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং ২৩ জুন অভিযুক্ত মো. হানিফ নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মব ভায়োলেন্সে যারা জড়িত, তাদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। সেনাবাহিনী জানায়, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় তারা অঙ্গীকারবদ্ধ। এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতেও প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে।

This post was viewed: 73

আরো পড়ুন