Skip to main content

Ridge Bangla

মনোনয়ন বাছাই: চার দিনে ইসিতে ৪৬৯ আপিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের সংখ্যা বাড়ছে। রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনে সর্বোচ্চ ১৭৪টিসহ চার দিনে মোট ৪৬৯টি আপিল দায়ের হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এসব আপিল গ্রহণ করা হয়। ইসির কর্মকর্তারা জানান, এদিন দায়ের করা ১৭৪টি আপিলের মধ্যে ১৬৪টি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং ১০টি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। এর আগে বুধবার ১৩১টি এবং মঙ্গলবার দ্বিতীয় দিনে ১২২টি আপিল জমা পড়ে। প্রথম দিন সোমবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৪১টি এবং গ্রহণের বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়। ইসি সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সুযোগ থাকবে।

গত ৪ জানুয়ারি মনোনয়ন বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে জমা পড়া মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে, ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এ বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা নোটিশে বলা হয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান পাঁচ দিনের মধ্যে কমিশনে আপিল করতে পারবে।

ইসি সূত্র জানায়, আপিলের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে, যেখানে ফুল কমিশনই শুনানি গ্রহণ করবেন।

This post was viewed: 47

আরো পড়ুন