Ridge Bangla

মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ৬ দফা দাবি ঘোষণা

রোববার (২২ মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে ছয় দফা দাবি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত এ বিবৃতিতে ভারতে সংঘটিত ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ডের আসামিরা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়ার পর ১৪ দিনের রিমান্ড শেষে পুনরায় ১৪ দিনের হেফাজতে পাঠানো হলেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে। শুরুতে একে সরকারের সাফল্য হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতি সরকারের ব্যর্থতাকেই সামনে এনেছে বলে দাবি সংগঠনটির।

ইনকিলাব মঞ্চ তাদের ছয় দফা দাবিতে অবিলম্বে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সক্রিয় হয়ে ১৫ দিনের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

এছাড়া সীমান্ত পাড়ি দেওয়ার পেছনে কারা জড়িত ছিল তা তদন্ত করে দ্রুত প্রকাশ ও গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। ভারতের বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করতে একটি বিশেষ আইনি সেল গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।

সংগঠনটি আরও দাবি করেছে, বিচার প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ‘ওপেন ট্রায়াল’ পদ্ধতিতে গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে সারাদেশে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন