Ridge Bangla

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে একের পর এক বিমান হামলায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। বিশেষ করে কাতারের রাজধানী দোহায় হামাস কার্যালয়ে বিমান হামলায় কাতার ও ফিলিস্তিনের কয়েকজন নাগরিক নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল পৌনে পাঁচটায় তিনি ফেসবুকে লিখেছেন, “বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু ইসরাইলের বর্বরোচিত হামলা এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অস্বীকার করছে। এটি নিছক গণহত্যা নয়, বরং পরিকল্পিত জাতিগত নিধন।”

তারেক রহমান বলেন, “অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কর্মরত। বর্তমান ইসরাইলি সরকারের আচরণ পুরো অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে। আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায় যেন ইসরাইলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালত যেন গাজায় ইসরাইলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে দ্রুত রায় ঘোষণা করে।”

ইসরাইলের সাম্প্রতিক হামলার ফলে গাজা, লেবানন, সিরিয়া ও ইয়েমেনে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়েছেন। বিশেষ করে কাতারের দোহায় হামলার সময় হামাস নেতারা গাজায় যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। পরিস্থিতি আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

This post was viewed: 47

আরো পড়ুন