দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা করে বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা সয়াবিন তেলের দামও সমান হারে বাড়ানো হয়েছে। ফলে খোলা সয়াবিন তেল এখন প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৭৫ টাকা।
দাম বৃদ্ধির কারণ হিসেবে মন্ত্রী বৈশ্বিক বাজার পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। এর প্রভাব দেশীয় বাজারেও পড়ছে। মন্ত্রী আরও বলেন, নতুন দামের ফলে বাজারে তেলের সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে সরকার আশা করছে।