Skip to main content

Ridge Bangla

ভুরুঙ্গামারী সীমান্তে ২৭ লক্ষাধিক টাকার স্বর্ণ কাতান শাড়ি জব্দ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর সদস্যরা বুধবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ব্যাটালিয়ন কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপি থেকে একটি টহল দল পূর্ব ভোটহাট এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী ওই এলাকায় রাতের অন্ধকারে কিছু চোরাকারবারি ভারতীয় পণ্য বাংলাদেশে আনতে চেষ্টা করলে টহল দল এগিয়ে যায়। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবির সদস্যরা ২৭২টি স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেন। এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ২০ হাজার টাকা।

ঘটনার বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “আন্তঃসীমান্ত চোরাচালান রোধে আমরা সর্বদা সতর্ক ও তৎপর। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও জানান, জব্দকৃত শাড়িগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

This post was viewed: 43

আরো পড়ুন