Skip to main content

Ridge Bangla

ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড নিয়ে খোলাখুলি মন্তব্য পূর্ণিমার

অনেকদিন ধরে পর্দায় নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে তিনি এখনও ভক্তদের মনে জীবন্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পূর্ণিমা তার অভিনয় জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাম্প্রতিক ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

তিনি বলেন, “অনেক সময় আমাকেও বলে—অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছে করে না।” পূর্ণিমা স্পষ্ট করেছেন, তিনি কোনো মূল্যহীন সম্মানে সময় নষ্ট করতে চান না।

অভিনয় ছাড়েননি পূর্ণিমা, তবে ভালো গল্প ও মানসম্মত চরিত্র পেলে তিনি এখনো কাজ করতে আগ্রহী। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছার কথা জানান তিনি। পূর্ণিমা জানান, “ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন—তাদের সেই সুযোগ দেওয়া হয় না।”

সবকিছুর পরও পূর্ণিমা আশাবাদী। তার মতে, ভালো গল্প, মানসম্মত চরিত্র ও প্রাপ্য সম্মান পেলে তিনি অবশ্যই পর্দায় ফিরে আসবেন। তিনি আরও বলেন, “আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।”

উল্লেখ্য, পূর্ণিমা সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে নির্মিত ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ সিরিজগুলো দেখেছেন এবং সেগুলো তাকে বেশ ভালো লেগেছে। এই অভিজ্ঞতা তাকে নতুন কাজের জন্য অনুপ্রাণিত করেছে।

This post was viewed: 70

আরো পড়ুন