পাক-ভারত ক্রিকেট যুদ্ধ মানেই ভিন্ন রকম এক লড়াই। তবে সেটি বড়দের দলে আগের মতো তেমন দেখা যায় না। দীর্ঘদিন ধরে বড়দের পর্যায়ে পাক-ভারত ক্রিকেট যুদ্ধ বড় কোনো টুর্নামেন্টে মুখোমুখি লড়াইয়ে নেই বললেই চলে। কিন্তু সেই ক্রিকেট যুদ্ধ ফাইনালে আবার দেখাল চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের ছোটরা। দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় দুই দল। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।
পুরো টুর্নামেন্টজুড়েই আলো ছড়াচ্ছিলেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হার্ড হিটার ব্যাটসম্যান সামির মিনহাস। ফাইনালে তার ব্যাট আরও বিধ্বংসী রূপে দেখা দেয়। তাতেই পুড়ে যায় ভারত।
আজকের ফাইনালে পাকিস্তান আগে ব্যাট করে সামির মিনহাসের বিধ্বংসী ইনিংসে ভর করে ৩৪৭ রানের পাহাড় গড়ে। জবাবে আলী রাজার বোলিং তোপে মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতের যুবারা। ৭১ বলে সেঞ্চুরি তুলে নেওয়া মিনহাস ১১৩ বল খেলে থামেন ১৭২ রানে। ১৭টি চার ও ৯টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।
৩৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। ৪৯ রানে ৩ উইকেট হারানোর পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৪৭/৮, ৫০ ওভার (সামির ১৭২, আহমেদ ৫৬, উসমান ৩৫; দেবেন্দ্রন ৩/৮৩, খিলান ২/৪৪, হেনিল ২/৬২)।
ভারত অনূর্ধ্ব-১৯: ১৫৬/১০, ২৬.২ ওভার (দেবেন্দ্রন ৩৬, সূর্যবংশী ২৬; রাজা ৪/৪২, হুজাইফা ২/১২, সুবহান ২/২৯ ও সাইয়াম ২/৩৮)।
ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৯১ রানে জয়ী।
ম্যাচসেরা: সামির মিনহাস।
সিরিজ সেরা: সামির মিনহাস।