আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ইতিহাসে ‘১৯৯১ সালের বাংলাদেশ ঘূর্ণিঝড়’ হিসেবে পরিচিত এ দুর্যোগকে দেশের অন্যতম প্রাণঘাতী বিপর্যয় হিসেবে বিবেচনা করা হয়।
ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের সঙ্গে ছিল ভয়াবহ জলোচ্ছ্বাস, যা নিম্নাঞ্চলগুলো মুহূর্তেই প্লাবিত করে। হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়, লবণাক্ত পানিতে নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি এবং ভেঙে পড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
দুর্যোগে দেশের ১৯টি জেলার ১০২টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সন্দ্বীপ, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, ভোলা ও টেকনাফ এলাকায় ক্ষয়ক্ষতি ছিল সবচেয়ে বেশি। সরকারি ও আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, এ ঘূর্ণিঝড়ে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষের মৃত্যু হয়। অনানুষ্ঠানিক হিসাবে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়। পাশাপাশি প্রায় এক কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে।