Skip to main content

Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় মাসে ৪০ লাখ টাকার গ্যাস চুরি, অবৈধ চুন কারখানায় অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত একটি চুন কারখানায় অভিযান চালিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং চুন উৎপাদনের বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিজিডিসিএলের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহ আলম ও সংস্থার কুমিল্লা অফিসের ব্যবস্থাপক আশরাফুল হক মামুন।

বিজিডিসিএলের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানির বিতরণ লাইন থেকে অবৈধভাবে গ্যাস নিয়ে চুন উৎপাদন করে আসছে। ওই কারখানায় উচ্চচাপে গ্যাস ব্যবহার করে চুনাপাথর পোড়ানো হতো।

তদন্তে জানা যায়, এই অবৈধ কারখানাটি পরিচালনা করছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মোড়াইল এলাকার মোশারফ মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া। কারখানাটিতে প্রতি মাসে ৩০ থেকে ৪০ লাখ টাকার গ্যাস চুরি করা হতো, যার ফলে এলাকার আবাসিক গ্রাহকরা গ্যাস সংকটে পড়তেন।

বিজিডিসিএল জানায়, রাসেল মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে জেলা প্রশাসনের সহায়তায় কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হবে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২০ হাজার আবাসিক ও ১৫০টি বাণিজ্যিক গ্যাস সংযোগ রয়েছে। গ্যাস চুরি রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

This post was viewed: 58

আরো পড়ুন