Ridge Bangla

বোয়েসেলের মাধ্যমে কুয়েতে ১০০ নার্সের সরকারি নিয়োগ, বেতন লক্ষাধিক

সরকারিভাবে বাংলাদেশ থেকে ১০০ জন নার্স নিয়োগ দেবে কুয়েত। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সম্প্রতি বোয়েসেলের সহকারী পরিচালক নোমান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত নার্সদের মাসিক বেতন হবে ১ লাখ ২৭ হাজার ৩৬০ টাকা। তাদের মধ্যে বিএসসি পাস পুরুষ নার্স ২০ জন, নারী নার্স ৩০ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স ১০ জন ও নারী নার্স ৪০ জন থাকবেন।

যোগ্যতা হিসেবে আবেদনকারীদের বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা ও কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রাথমিকভাবে তিন মাস শিক্ষানবিশকাল শেষে এই চাকরি তিন বছরের জন্য ইনক্রিমেন্টসহ নবায়নযোগ্য হবে।

নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ৫৬ হাজার ৩৫০ টাকা পরিশোধ করতে হবে। এছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষা, কুয়েত দূতাবাসে ভিসা স্ট্যাম্পিং ও অন্যান্য ফি আলাদাভাবে বহন করতে হবে। ভিসা ইস্যুর পর নির্বাচিত প্রার্থী কুয়েতে না গেলে তার জমা দেওয়া পে-অর্ডার বাজেয়াপ্ত হবে।

এছাড়া চূড়ান্তভাবে নির্বাচিত আবেদনকারীর অবশ্যই বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস) প্রশিক্ষণের বৈধ সনদ থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে brms.boesl.gov.bd লিংকে। সেখানে ইংরেজিতে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একত্রে একটি পিডিএফ ফাইল আকারে আপলোড করতে হবে।

২০ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদনকারীদের ফি বাবদ ১০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে।

This post was viewed: 52

আরো পড়ুন