Ridge Bangla

বোয়ালখালী প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে চুরি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। লোহার কলাপসিবল গেট কেটে চোরেরা দুটি ডেস্কটপ কম্পিউটার, মনিটর ও ভ্যাকসিন বিক্রির নগদ টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে দপ্তরের কর্মচারীরা অফিসে এসে চুরির বিষয়টি প্রথম লক্ষ্য করেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকেও হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়েছিল। কিন্তু রাতের শেষ ভাগে কোনো একসময় চোরেরা কার্যালয়ে প্রবেশ করে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও টাকা চুরি করে। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

দপ্তর সূত্রে জানা যায়, চোরেরা কার্যালয়ের পাশের একটি ছোট কলাপসিবল গেটের হোলপাস কেটে ভেতরে ঢোকে। প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষের দরজার তালার হুক কেটে একটি কম্পিউটার ও মনিটর এবং অফিস সহকারীর কক্ষ থেকে আরেক সেট কম্পিউটার-মনিটর নিয়ে যায়। এছাড়া ড্রয়ারে রাখা ভ্যাকসিন বিক্রির নগদ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। অফিসের নথিপত্রও এলোমেলো করে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্র শনাক্তে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

This post was viewed: 61

আরো পড়ুন