Skip to main content

Ridge Bangla

বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ; সর্বনিম্ন বেতন ৩৫ হাজার করার আহ্বান

স্বায়ত্তশাসিত, সরকারি, আধা-সরকারি ও কর্পোরেশন প্রতিষ্ঠানের কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে বক্তারা ১:৪ অনুপাতে ১২তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের জোর দাবি জানান।

সমাবেশে বলা হয়, আগামী ১ জানুয়ারি থেকেই বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আহ্বান জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, ২০১৫ সালের পর সরকার আর কোনো বেতন বৃদ্ধি করেনি; অথচ গত এক দশকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন।

বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, “দশ বছরে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়লেও বেতন কাঠামো অপরিবর্তিত আছে। এতে লাখো কর্মচারী মানবিক সঙ্কটে পড়েছেন।” তিনি দ্রুত নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে নেতারা বলেন, দাবি পূরণ না হলে দেশের প্রতিটি জেলায় শাটডাউন কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা।

This post was viewed: 55

আরো পড়ুন