Skip to main content

Ridge Bangla

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলারের উপরে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানান, রিজার্ভ গত কয়েক সপ্তাহে ওঠানামা করলেও আবারও ৩২ বিলিয়নের ঘর অতিক্রম করায় স্থিতিশীলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর আগের দিন বুধবার দেশের রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ হিসেবে ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার।

গত ৬ নভেম্বর রিজার্ভ সর্বশেষ ৩২ বিলিয়ন ডলারের উপরে উঠেছিল, যখন গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ২৮ বিলিয়ন ডলার। তবে আকু বিল পরিশোধের পর রিজার্ভে সাময়িক হ্রাস ঘটে। ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদের জন্য বাংলাদেশ ব্যাংক ১৬১ কোটি ডলার পরিশোধ করে। ওই সময় রিজার্ভ নেমে দাঁড়ায় ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে।

তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাইয়ে বাংলাদেশ সর্বশেষ বৃহৎ অঙ্কের আকু বিল পরিশোধ করেছিল, যার পরিমাণ ছিল ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার। এরপর ২০২৩ সালে দ্বিমাসিক আকু বিল ধারাবাহিকভাবে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।

This post was viewed: 47

আরো পড়ুন