Skip to main content

Ridge Bangla

বেনজীরের যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুটি স্থাবর সম্পত্তি জব্দ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (যুক্তরাষ্ট্র) ও সিআইএমবি ইসলামিক ব্যাংক (মালয়েশিয়া)-এর চারটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে এসব সম্পদ অর্জন করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন। তদন্তে আরও জানা যায়, বেনজীর ও তার পরিবারের সদস্যরা তাদের নামে থাকা সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা রাষ্ট্রের পক্ষে বাজেয়াপ্ত করার সম্ভাবনাকে ব্যাহত করতে পারে। তাই চার্জশিট দেওয়ার আগেই এসব সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ করা প্রয়োজন।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর বেনজীর, তার স্ত্রী এবং দুই মেয়ের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় অভিযোগ করা হয়, তারা ৭৪ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করেছেন।

দুদক সূত্র জানায়, বিদেশে বেনজীর আহমেদের আরও সম্পদের খোঁজ মিলেছে এবং তদন্তের স্বার্থে দেশে ও বিদেশে থাকা এসব সম্পদের তথ্য সংগ্রহ চলছে।

This post was viewed: 56

আরো পড়ুন