মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)সহ দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও সংস্থাও শোক প্রকাশ করেছে। দেশের ক্রীড়া অবকাঠামো নির্মাণে খালেদা জিয়ার অবদান স্মরণ করে শ্রদ্ধা ও গভীর শোক জানানো হয়েছে। খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে মাঠের চলমান সব খেলা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শোক প্রকাশ করেন এবং ক্রিকেটে খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু জাতির জন্য এবং তার নেতৃত্ব ও জনসেবা সম্পর্কে যারা জানেন, তাদের সবার জন্য এটি একটি বড় ক্ষতি।’
বাফুফের শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়া আজীবন বাংলাদেশের রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এবং মুক্তিযুদ্ধ ও মানবতার পক্ষে তার দৃঢ় অবস্থান স্মরণীয় হয়ে থাকবে।
এছাড়া ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি, মোহামেডান স্পোর্টিং ক্লাবসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্লাব এবং ক্রীড়াবিদরাও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটার, ফুটবলার ও অন্যান্য খেলোয়াড়রা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন পোস্টের মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।